দেশের আট বিভাগের দু-এক জায়গায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে
পারে।
এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (০৭ মে) রাত ৮টা থেকে আগামী শনিবার সকাল ৯টা পর্যন্ত দেওয়া এক বিশেষ সতর্ক বার্তায় বলা হয়, দেশের অন্তত ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। রাজশাহী, পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর ও খুলনা অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এই জেলাগুলোর নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল সমূহের ওপর দিয়েও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এই অঞ্চলগুলোর নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
