সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক।
পরে বিজিবি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অবস্থিত বাংলাবাজার, প্রতাপপুর, মিনাটিলা, পান্থুমাই, বিছনাকান্দি, সংগ্রাম ও সোনারহাট বিওপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩২ লাখ ৪৩ হাজার ৭৬২ টাকা মূল্যের চোরাচালান মালামাল জব্দ করা হয়।
জব্দ মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গরু ও মহিষ, ফুচকা, ফল, বাসমতি চাল, টমেটো, কসমেটিকস, চকলেট ও জিরা। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক কালবেলাকে বলেন, সিলেট সীমান্তে নিরাপত্তা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। জব্দ মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
