সুন্দরবনে অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ ও নিষিদ্ধ খালপাটা জালসহ ৬ চোরা শিকারিকে আটক করেছে বনবিভাগ। শনিবার (১০ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) আসাদুজ্জামান।
এর আগে, শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া এলাকায় বনরক্ষীদের নিয়মিত টহল চলাকালে হলদী খাল থেকে হরিণ শিকারের চেষ্টা করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুটি ডিঙি নৌকা, বিপুল হরিণ শিকারের ফাঁদ এবং নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
আটকরা হলেন- বাগেরহাটের মোংলা উপজেলার হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ।
পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) আসাদুজ্জামান জানান, আটক ব্যক্তিরা বনে প্রবেশের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে হলদী খাল এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরা ও হরিণ শিকারের প্রাক্কালে তাদের আটক করা হয়।
বনবিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণ ও বন আইন লঙ্ঘনের দায়ে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
