সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ এএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিন ৯৯ রানে শেষ করেছিলেন ওপেনার সাদমান ইসলাম। দ্বিতীয় দিনের প্রথম ওভারেই ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নেন এই ওপেনার। এর এক ওভার পরেই জাসুয়া বিশপের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

সাম্প্রতিক সময়টা এই ওপেনারের ভালো যাচ্ছিল না। ১৭ ইনিংস পর সেঞ্চুরি পেয়েছেন। সর্বশেষ ২০২৫ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সাদমান। বাঁহাতি এই ওপেনারের প্রথম সেঞ্চুরি ২০২১ সালে, সেটিও জিম্বাবুয়ের বিপক্ষে।

সাদমানের বিদায়ের পর ক্রিজে আসেন প্রথমদিন অসুস্থ হয়ে মাঠ ছেড়ে যাওয়া তাওহীদ ‍হৃদয়। তবে তিনিও খুব একটা সুবিধা করতে পারেননি। এবার দৃশ্যপটে সেই বিশপ, তার দারুণ এক বলে বোল্ড হন হৃদয়।  

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ। যদিও আলোকস্বল্পতায় একাধিকবার ম্যাচে বিঘ্ন ঘটার পর অনেক আগেই দিনের খেলা শেষ হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ২৩৮ রান। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন