দেশের সকল পর্যায়ের নির্বাচন দ্রুত সম্পন্ন করে জননির্ধারিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
নির্বাচন আয়োজনের সময়সীমা এবং প্রক্রিয়ার জটিলতা তুলে ধরে মন্ত্রী জানান, নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে বেশ কিছু প্রযুক্তিগত ও পারিপার্শ্বিক বিষয় বিবেচনা করতে হয়।
মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচনগুলো সাধারণত একক কোনও দিনে না হয়ে ধাপে ধাপে অনুষ্ঠিত হয়। পূর্ববর্তী অভিজ্ঞতা ও বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করে দেখা গেছে সকল স্তরের নির্বাচন পূর্ণাঙ্গভাবে শেষ করতে ১০ মাস থেকে ১ বছর সময়ের প্রয়োজন হয়।
নির্বাচন অনুষ্ঠানের জন্য মাঠ পর্যায়ে প্রস্তুতির একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, নির্বাচনী তফসিল ঘোষণার প্রাক-প্রস্তুতি হিসেবে ন্যূনতম ৪৫ পঞ্জিকা দিবস সময়ের প্রয়োজন হয়।
সংসদকে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশন সুশৃঙ্খলভাবে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে কাজ করছে।
