হাওরপাড়ের রাজু এবার বাংলাদেশের জার্সিতে আজারবাইজানে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম

হাওরপাড়ের জনপদ জগন্নাথপুর থেকে এবার আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আজারবাইজানে পাড়ি জমিয়েছে তরুণ ফুটবলার রাজু আহমদ ভূঁইয়া। বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যালে অংশ নিতে গত বুধবার সকালে জাতীয় দলের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সে। রাজুর এই অর্জনে গর্বিত তার পরিবার, শিক্ষক ও জগন্নাথপুরের ক্রীড়াঙ্গনের মানুষ।

রাজু আহমদ ভূঁইয়া জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই লম্বা হাটি এলাকার বাসিন্দা গোলাম রব্বানী ভূঁইয়ার কনিষ্ঠ সন্তান। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট রাজু স্থানীয় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি ফুটবল চর্চায় নিজেকে গড়ে তোলা এই কিশোর মাঠে আক্রমণভাগের ফরোয়ার্ড হিসেবে খেলে।

জাতীয় দলের হয়ে বিদেশের মাটিতে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রাজু। নিজের অনুভূতি জানিয়ে সে বলে, ‘ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল জাতীয় দলের লাল-সবুজ জার্সিতে খেলার। সেই স্বপ্ন পূরণে আজ দেশের প্রতিনিধিত্ব করতে বিদেশে যাচ্ছি। দেশের হয়ে যেন নিজের সেরা খেলাটা উপহার দিতে পারি, সে জন্য সবাই আমার জন্য দোয়া করবেন।’

রাজুর এই সাফল্যে আনন্দিত তার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সহপাঠীরা। স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সৈয়দনূর বলেন, সপ্তম শ্রেণিতে পড়ার সময় থেকেই ওর দুর্দান্ত ফুটবল প্রতিভা আমার নজর কাড়ে। তখন থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে ওকে নিয়মিত উৎসাহিত ও সহযোগিতা করে আসছি। রাজুর আজকের এই অর্জনে আমাদের বিদ্যালয় পরিবার অত্যন্ত গর্বিত।

জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামিনুর রহমান বলেন, শৈশব থেকেই ফুটবলের প্রতি গভীর একাগ্রতা ও কঠোর পরিশ্রমের ফল রাজু আজ পাচ্ছে। হাওরাঞ্চলের এক সন্তানের আন্তর্জাতিক মঞ্চে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করা পুরো সুনামগঞ্জবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। আমরা তার ধারাবাহিক সাফল্য কামনা করি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর