আগামী ৩০ এপ্রিলের পর থেকে সারাদেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চৌধুরী। আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্যকালে এমনটা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত রয়েছে।
জাতির কাছে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, মাদক ও জুয়া নির্মূলে কোনো ছাড় দেওয়া হবে না। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানান তিনি।
মন্ত্রী জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে অবৈধ সিসা লাউঞ্জ এবং মাদক স্পটের বিরুদ্ধে অভিযান চলছে। সম্প্রতি গুলশানসহ রাজধানীর অভিজাত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিসা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের উত্থাপিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত কিছু প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের কর্মকর্তার ছত্রছায়ায় বিভিন্ন অভিজাত এলাকায় অবৈধ সিসা বার গড়ে উঠেছিল। তবে বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ নিয়মিত অভিযানে এসব স্পট বন্ধ করে দিচ্ছে।
