৭ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি, একজনের আদেশ বাতিল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পিএম

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজের খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনীকে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় বদলি করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নানুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশে এবং একই ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইমরোজকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বদলি করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলমকে রাজশাহীর গোদাগাড়ী সার্কেলে এবং এসআরবির সহকারী পুলিশ সুপার মো. আলী আর্শাদকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. খালেদ ইবনে মালেককে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৯ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ১০ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

এদিকে, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদে বদলির আদেশ বাতিল করেছে পুলিশ সদর দপ্তর। গত ২৮ সেপ্টেম্বর জারি করা ওই বদলির আদেশ শনিবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করা হয়। নতুন আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

পৃথক তিনটি প্রজ্ঞাপনেই স্বাক্ষর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর