এশিয়া কাপ রাইজিং স্টার্সে হংকংকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ ‘এ’ দল। দোহায় আজ হংকংয়ের দেওয়া ২২০ রানের লক্ষ্য ইয়াসির ও সাইফ হাসানের ব্যাটে চড়ে সহজেই জয় পায় টাইগাররা। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ হাসান। আর অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে ইনিংসের পঞ্চম ওভারেই হংকংয়ের জিসান আলীকে আউট করেন বাংলাদেশের অলরাউন্ডার সাইফ হাসান। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি তিনে নামা বাবর হায়াতও। ব্যক্তিগত ১০ রানে তিনিও এলবিডব্লিউ হয়ে যান। তাকে সাজঘরে ফেরান তরুণ পেসার ইকবাল হোসেন ইমন।
আর দুই সতীর্থের উইকেট উদযাপনের পর বল হাতে এগিয়ে আসেন অধিনায়ক সাইফ নিজেই। যিনি বোলিংয়ে এসে ফেরান রিয়ানশ শর্মাকে। ফলে টাইগার বোলারদের তোপে বিপাকে পড়ে যায় হংকংয়ের ব্যাটসম্যানরা। তবে এরপরেই ঘুরে দাঁড়ায় হংকং। চতুর্থ উইকেটে ১২৭ রানের জুটি গড়ে ম্যাচে ফিরে তারা।
ব্যক্তিগত ৭৬ রানে আংশুমান রাথ আউট হয়ে গেলে এই জুটি ভাঙে। একই ওভারে আউট হয়ে যান আব্দুল সামাদও। এরপরেই আবারও ব্যাটিং ধসে পড়ে হংকং। স্কোরবোর্ডে ১৯২ রান তুলতেই হারায় আরও দুই উইকেট। ফলে দলীয় ২০০ রানের আগেই ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হংকং। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২১৯ রান তুলে থামে হংকংয়ের ইনিংস। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২৩ রানেই আউট হয়ে যান ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে এরপরই অধিনায়ক সাইফ হাসানের সঙ্গে জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান আরেক ওপেনার শাহাদাত হোসেন। এই জুটিতে আসে ৮৪ রান।
এরপর ব্যক্তিগত ৪৩ রানে শাহাদাত আউট হয়ে গেলেও একপ্রান্ত আগলে রাখেন অধিনায়ক সাইফ হাসান। এর সাথে তুলে নেন ফিফটিও। এরপর তাকে যোগ্য সঙ্গ দেন ইয়াসির আলী। যিনি নিজেও তুলে নেন ফিফটি। এমনকি শেষদিকে টানা ৩ বলে তিন ছক্কা মেরে বাংলাদেশকে সহজ জয়ের পথে এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত অধিনায়ক সাইফ হাসান ১১৬ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৮৬ এবং ইয়াসির আলী ৫১ বলে ৫টি ছক্কা ও ৩ চারে ৭১ রান করেন। আর এই দুই অপরাজিত ব্যাটসম্যানের কল্যাণে ৮ উইকেটের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ ‘এ’ দল।
