আজ মিশরের খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ পিএম

মিশর থেকে
আজ মিশরের কপটিক খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ও তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব—ক্রিসমাস বা নেটিভিটি অব জিসাস ক্রাইস্ট উদযাপিত হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে ২৫ ডিসেম্বর বড়দিন পালিত হলেও, জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করার কারণে মিশরের কপটিক খ্রিস্টানরা প্রতিবছর ৭ জানুয়ারি যিশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করে থাকেন।

দিনটি উপলক্ষে মিশরজুড়ে কপটিক চার্চগুলোতে মধ্যরাত থেকে শুরু হয় বিশেষ প্রার্থনা, ধর্মীয় আচার ও উৎসবমুখর কর্মসূচি। কায়রোর ঐতিহাসিক সেন্ট মার্ক ক্যাথেড্রালসহ বিভিন্ন গির্জায় হাজারো ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা সভা। এসব অনুষ্ঠানে কপটিক পোপ দ্বিতীয় তাওয়াদ্রোসসহ শীর্ষ ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্রিসমাস উপলক্ষে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি কপটিক খ্রিস্টান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে চার্চ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে, গত সোমবার (৫ জানুয়ারি) বিশ্বখ্যাত আল-আজহার শরীফের গ্র্যান্ড ইমাম শাইখুল আজহার অধ্যাপক ড. আহমেদ আল-তাইয়্যেব কপটিক পোপ দ্বিতীয় তাওয়াদ্রোসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি পোপকে এবং মিশরের খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে পোপ তাওয়াদ্রোস দ্বিতীয় শাইখুল আজহারকে স্বাগত জানিয়ে বলেন, এই সাক্ষাৎ মিশরের মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যকার সৌহার্দ্য, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি খ্রিস্টের জন্মকে সমগ্র মানবজাতির জন্য শান্তি ও ভালোবাসার বার্তা হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, ক্রিসমাসের আগে কপটিক খ্রিস্টানরা প্রায় ৪৩ দিনব্যাপী উপবাস পালন করেন, যা ‘কপটিক ফাস্ট’ নামে পরিচিত। এই দীর্ঘ উপবাস শেষে পরিবার-পরিজনের সঙ্গে বিশেষ খাবার গ্রহণ, শুভেচ্ছা বিনিময় ও সামাজিক মিলনমেলার মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়।

মিশরের সামাজিক ও ধর্মীয় সহাবস্থানের এক অনন্য নিদর্শন হিসেবে এই দিনে মুসলিম সম্প্রদায়ের অনেক মানুষও তাদের কপটিক বন্ধু ও প্রতিবেশীদের শুভেচ্ছা জানান। কপটিক ক্রিসমাস শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি মিশরের বহুত্ববাদী সংস্কৃতি, সম্প্রীতি ও জাতিগত ঐক্যের এক শক্তিশালী প্রতীক হিসেবেও বিবেচিত।



ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ ফিডটি অনুসরণ করুন


Google News

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর