বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারও সরাসরি ফ্লাইট শুরু হতে যাচ্ছে। দীর্ঘ ১৪ বছর পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে সপ্তাহে দুইদিন পরীক্ষামূলকভাবে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।
জানা যায়, ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত এই রুটে পরীক্ষা চালানো হবে। পরীক্ষামূলক সময়ে পারফরম্যান্স মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, গত ২ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে পাকিস্তান সিভিল এভিয়েশন অথোরিটি (সিএএ)। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই রুট পুনরায় চালুর বিষয়ে গত কয়েক মাস ধরে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। সবকিছু চূড়ান্ত হওয়ার পর ২০১২ সালের পর প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু হবে।
বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রীরা সাধারণত দুবাই বা দোহা হয়ে ট্রানজিট ফ্লাইট ব্যবহার করতে বাধ্য। সরাসরি ফ্লাইট চালু হলে সময় ও খরচ দুটোই উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
