দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাসের রেজিস্ট্রেশন স্থগিত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীসহ পদ্মা নদীতে পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটির রেজিস্ট্রেশন স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

শুক্রবার (২৭ মার্চ) বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৫ মার্চ বিকেল ৫টা ১৫ মিনিটে দৌলতদিয়া ৩নং ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর বিআরটিএ রাজবাড়ী সার্কেলের মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত গত ২৫ মার্চ সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন।

চিঠিতে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ২৪ ও সড়ক পরিবহন বিধিমালা ২০২২ এর ৪৬ ও ৪৭ বিধি অনুযায়ী রাজবাড়ী-ব-১১-০০২৪ নং মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং মোটরযানটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্সটোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট সনদ ও উক্ত মোটরযানের চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী ৩ কর্মদিবসের মধ্যে বিআরটিএর রাজবাড়ী কার্যালয়ে হাজির হয়ে মোটরযানটির রেজিস্ট্রেশন কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না মর্মে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় রাজবাড়ী-ব-১১-০০২৪ নং মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করাসহ মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে জানানো হয়।

এই নির্দেশের অনুলিপি বিআরটিএর সদর দপ্তর, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান বলেন, বিআরটিএর মোটরযান পরিদর্শক ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বাসের মালিককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এই দুর্ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।