মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতো’ শ্রী রামানান রামাকৃষ্ণান সোমবার তার কার্যালয়ে অনুস্টিত, গিগ কর্মী আইন ২০২৫ [অ্যাক্ট ৮৭২] বাস্তবায়নের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে একটি প্রি-কাউন্সিল এনফোর্সমেন্ট সেশনে সভাপতিত্ব করেছেন। ৩১ মার্চ আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার কথা রয়েছে।এ সময় উপস্থিত ছিলেন মানবসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব (নীতি ও আন্তর্জাতিক) ড. হাজী মোহদ শাহারিন বিন উমরসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেশনটির মূল লক্ষ্য ছিল গিগ কর্মী আইন ২০২৫ বাস্তবায়ন ও প্রয়োগের কৌশলগত দিকগুলো সমন্বয় করা এবং এর বিভিন্ন দিক বিস্তারিতভাবে পর্যালোচনা করা। বিশেষ করে, দ্রুত সম্প্রসারণশীল গিগ অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট শিল্পখাত ও অংশীজনদের ওপর এর প্রভাব নিয়েও আলোচনা করা হয়।
এছাড়া, আইনটি কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে ৩১ মার্চ ২০২৬ সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পুত্রজায়ার মেনারা পারকেসো ভবনের ৭ম তলার প্রধান মিলনায়তনে আয়োজিতব্য মিডিয়া ব্রিফিং ও সংবাদ সম্মেলনের প্রস্তুতিও আলোচনায় গুরুত্ব পায়।
এই উদ্যোগের মাধ্যমে গণমাধ্যমকে একটি কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে তাদের কাছে স্পষ্ট, নির্ভুল ও পূর্ণাঙ্গ তথ্য পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে তারা জনসাধারণের কাছে সঠিক বার্তা তুলে ধরতে পারে।
গিগ কর্মী আইন ২০২৫ সরকারে একটি অগ্রগতিমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা গিগ কর্মীদের সামাজিক সুরক্ষা, কল্যাণ এবং আধুনিক শ্রমবাজারে ন্যায্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইনটির বাস্তবায়নের ফলে সারা দেশে হাজারো গিগ কর্মী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এটি কর্মীদের সুরক্ষা এবং শিল্পের টেকসই উন্নয়নের মধ্যে একটি ভারসাম্য নিশ্চিত করবে।