প্রধানমন্ত্রী নয়াপল্টনে যাবেন সন্ধ্যায়, বিকেলেই নেতাকর্মীদের ঢল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৩ পিএম

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তিনি। 

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শনিবার দুপুর থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন তারা।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড ও কাকরাইল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন। সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এর আগে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছিলেন, শনিবার বিকেলে তিনি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন