জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের জন্য তাদের বাসা প্রস্তুত করতে শুরু হয়েছে তোড়জোড়। আগামী ১০ এপ্রিলের মধ্যে এসব বাসা বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। ইতোমধ্যে সংসদ সদস্য ভবনগুলোর নিরাপত্তা ব্যবস্থা, আসবাবপত্র ক্রয়সহ সামগ্রিক বিষয়ে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শনিবার (২৮ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির বৈঠকে এমপিদের বাসা, নিরাপত্তা ও চিকিৎসাসেবা নিশ্চিতের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংসদ কমিটির সভাপতি চিফ হুইপ সাংবাদিকদের এ তথ্য জানান।
নূরুল ইসলাম বলেন, সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসাসুবিধা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মোটামুটি সব সংসদ সদস্যই আবাসনসুবিধা পাবেন। স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপ ও হুইপদের জন্য আলাদা বাসভবনের ব্যবস্থা আছে। বাকি সবার জন্য আবাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। সংসদ সদস্যদের জন্য নির্ধারিত ফ্ল্যাটগুলোর প্রয়োজনীয় জিনিসপত্র কেনার কাজ দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, এতে জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৫০ ও ২৫১ ধারার বিষয়াবলি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্য ভবন দুটির সংস্কার ও মেরামত সংক্রান্ত সিভিল, ই/এম ও কাঠের কারখানা বিভাগের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। শেরে-ই-বাংলা নগরে অবস্থিত এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষের সংস্কার ও মেরামতের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সংসদ সদস্যদের জরুরি প্রয়োজনে (২৪ ঘণ্টা) চিকিৎসাসেবা নিশ্চিত করতে জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত বিশেষজ্ঞ ও মেডিকেল অফিসার নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত ফ্ল্যাটগুলোতে ২৪ ঘণ্টা নিরাপত্তা জোরদার করতে নির্ধারিত জনবল আগের নিয়ম অনুযায়ী সদস্য ভবন শাখায় পদায়নের বিষয়েও আলোচনা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের আবাসন ভবনের জন্য আসবাবপত্র তৈরি, মেরামত ও প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি আসবাবপত্রের গুণগত মান ভালো রাখতে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
এ ছাড়া জাতীয় সংসদ ভবন মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন ও চিকিৎসাসেবার পরিধি বাড়াতে কার্ডিয়াক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ডাক্তার নিয়োগ, যন্ত্রপাতি ক্রয়, আইসিইউ অ্যাম্বুলেন্স ও লাশবাহী ফ্রিজিং গাড়ি কেনা এবং স্বনামধন্য কোম্পানি থেকে ওষুধ কেনার সুপারিশ করা হয়। এ সময় প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে গোলযোগের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ওই ঘটনা নাশকতা ছিল কি না, তা তদন্ত করে ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি শব্দযন্ত্রের সমস্যা সমাধানে কী করা যায়, সে বিষয়েও সুপারিশ দেবে কমিটি।
গত ১২ মার্চ থেকে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিনই শব্দযন্ত্রের বিভ্রাটে অধিবেশন কিছু সময় বন্ধ রাখতে হয়। পরদিনের বৈঠকেও হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় একজন সদস্য।
চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, তাঁরা ধারণা করেন এখানে নাশকতা হয়েছে। ওই ঘটনা তদন্তে সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া শব্দযন্ত্রের প্রকৃত সমস্যা দেখার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হচ্ছে। তিনি জানান, হেডফোন নিয়ে সবার অভিযোগ রয়েছে। তাঁর নিজেরও অভিযোগ আছে। এত বড় হেডফোন মাথায় দিয়ে মাথা ও কান গরম হয়ে যায়। এ বিষয়ে হেডফোন পরিবর্তন করা হবে বলেও জানান তিনি। আগামী ৩০ মার্চ আবার বৈঠক করবে কমিটি।
কমিটির সভাপতি চিফ হুইপ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. সাইফুল আলম ও মো. আবুল হাসনাত অংশ নেন।
সরকারি দলের সভা অনুষ্ঠিত
জাতীয় সংসদের কার্যক্রমে গতি আনতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় জাতীয় সংসদ সচিবালয়ের সরকারদলীয় সভাকক্ষে এ বৈঠক হয়। এতে তিনি উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া করা হয়। এ ছাড়া সরকারের চলমান কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বিরোধী দলের সভা কাল
আগামীকাল রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলের বৈঠক অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় সভাকক্ষে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক হবে বলে জানা গেছে।
