নির্বাচন কমিশন (ইসি) ভোটার হয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিলেও যাদের নিবন্ধন ফরম ডাটাবেজে নেই, তাদের ফরমগুলো আগামী ৩০ জুনের মধ্যে সার্ভারে আপলোড করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।
শনিবার (২৮ মার্চ) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির বলেন, নিবন্ধন ফরম আপলোডের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। মাঠ পর্যায়ে আগামী ৩০ জুনের মধ্যে এসব ফরম আপলোডের নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসি সূত্র জানায়, নিবন্ধন ফরম আপলোড না থাকায় অনেক ভোটারের তথ্য সংশোধনের সময় যাচাইয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে। এ সমস্যা দূর করতেই মাঠ কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।
