জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তিনি রাষ্ট্রপতির পক্ষে ও ব্যক্তিগতভাবে মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ পৃথকভাবে শ্রদ্ধা জানান। জানাজায় সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, দিলারা হাফিজের দ্বিতীয় জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হবে।
এর আগে গত শনিবার (২৮ মার্চ) বেলা ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলারা হাফিজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
