জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে গ্যালারিতে উপবিষ্ট পিতার কথা উল্লেখ করায় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে সতর্ক করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মঙ্গলবার (৩১ মার্চ) সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে।
তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করতে গিয়ে হান্নান মাসউদ বলেন, ‘আজকে আমার জন্য আনন্দের দিন। আজকে আমার পিতা মাদ্রাসা শিক্ষক এখানে উপস্থিত আছেন। উনার সামনে দাঁড়িয়ে আমার তারকা চিহ্নিত প্রশ্ন-৯৪ সংসদে উপস্থাপন করছি।’ এ কথা বলে তিনি বসে পড়েন।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে উদ্দেশ্য করে বলেন, ‘মাননীয় সদস্য, সংসদের কার্যপ্রণালি বিধি অনুসারে আপনি গ্যালারিতে উপবিষ্ট কারও সম্বন্ধে কোনো মন্তব্য সংসদে রাখতে পারেন না। অ্যানিওয়ে আই রেসপেক্ট ইয়োর সেন্টিমেন্ট। প্লিজ বি কেয়ারফুল নেক্সট টাইম।’
