হরমুজে আটকা পড়া বাংলাদেশি জাহাজের জন্য সুখবর দিল ইরান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ১২:১৩ পিএম

হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশের ছয়টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী বুধবার (১ এপ্রিল) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ইরানের নিরাপত্তা কাউন্সিল ইতোমধ্যে বাংলাদেশি জাহাজগুলোকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে। আটকে থাকা ছয়টি জাহাজ দেশে ফেরাতে বাংলাদেশ ও ইরান একযোগে কাজ করছে বলেও জানান তিনি। 

রাষ্ট্রদূত আরও বলেন, জাহাজে থাকা বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বিবৃতি প্রসঙ্গে কিছুটা অসন্তোষ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, শুধু উদ্বেগ নয়, এই পরিস্থিতিতে স্পষ্ট নিন্দাও জানানো প্রয়োজন ছিল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের ভাইপ্রতিম দেশ। সংকটের সময়ে একে অপরের পাশে থাকাই আমাদের প্রত্যাশা।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন