সরকারি কর্মকর্তাদের জন্য নতুন নিয়ম, মানতে হবে ১০ নির্দেশনা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ এপ্রিল ২০২৬, ১২:০১ পিএম

সরকারি সেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক কাজে গতিশীলতা বাড়াতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন অফিস সময়সূচি ও আচরণবিধি জারি করা হয়েছে। এখন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে আবশ্যিকভাবে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে। নাগরিক সেবা নিশ্চিত করতে এবং আন্তঃদপ্তর সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক নোটিশে এই নির্দেশনা প্রদান করা হয়। এতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগেই এই নির্দেশনা দেওয়া হলেও অনেক ক্ষেত্রে এর ব্যত্যয় লক্ষ্য করা যাচ্ছিল। ফলে জনসেবা বিঘ্নিত হওয়ায় বিষয়টি কঠোরভাবে প্রতিপালনের জন্য পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে। দাপ্তরিক যেকোনো সভা বা কর্মসূচি এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে সকালের এই নির্দিষ্ট সময়টি কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়।

একই নির্দেশনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। দিনের বেলা অফিসে পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি বন্ধ রাখতে এবং জানালা বা পর্দা খোলা রাখতে বলা হয়েছে। এ ছাড়া এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অফিস ত্যাগের সময় বাতি, ফ্যান ও এসি বন্ধ নিশ্চিত করার পাশাপাশি করিডোর বা ওয়াশরুমে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বন্ধ রাখতে বলা হয়েছে।

জ্বালানি সাশ্রয় এবং অফিস পরিচ্ছন্নতার ওপর জোর দিয়ে নোটিশে আরও জানানো হয় যে, সরকারি নির্দেশনা ছাড়া কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানারের মতো যন্ত্রপাতি কাজ শেষে পুরোপুরি বন্ধ রাখতে হবে। এছাড়া নিয়মিতভাবে অফিস কক্ষ, করিডোর ও টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

এই আদেশগুলো যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করতে প্রতিটি দপ্তর ও সংস্থায় একটি ‘ভিজিল্যান্স টিম’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং সরকারি কাজে স্বচ্ছতা ফিরিয়ে আনতেই এই কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর