মালয়েশিয়ায় শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ব্যবস্থাপনা আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে ‘মেস্যুয়ারাত জাওয়াতানকুয়াসা কেরজা ক্লাস্টার কেসেলামাতান পেংগুরুসান পেলারিয়ান দান পেমোহন সুয়াকা’ (বিল. ১/২০২৬) অনুষ্ঠিত হয়েছে।৬ এপ্রিল সোমবার অনুস্টিত বৈঠকে সভাপতিত্ব করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিয়ন বিন ইসমাইল। এতে দেশের শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ব্যবস্থাপনা সংক্রান্ত নীতি ও কার্যক্রম আরও সুশৃঙ্খল করার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।
এই বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন, যাতে পারস্পরিক সমন্বয় জোরদার করা যায় এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত রাখা সম্ভব হয়।এছাড়া, ১ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া ‘ডকুমেন পেন্ডাফতারান পেলারিয়ান (ডিপিপি)’ কর্মসূচিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়, যা শরণার্থীদের তথ্য ব্যবস্থাপনাকে আরও সিস্টেমেটিক ও সমন্বিত করতে সহায়তা করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের বিষয়টি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নিয়ন্ত্রিতভাবে পরিচালনার লক্ষ্যে তারা সুশাসন ও প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। এর মাধ্যমে সংশ্লিষ্ট সকল পক্ষের জন্য একটি কার্যকর ও উপকারী ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে।
