মাথা ও হাত কব্জি বিহীন কম্বল মোড়ানো অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১২:০৪ এএম

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে মাথা ও হাতের কব্জি বিহীন কম্বল মোড়ানো এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫ টার দিকে ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকার একটি ভাড়া বাড়ির পাশের পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্থানীয় বাসিন্দারা পুকুর পাড়ে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে কক্সবাজার সদর মডেল থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত নারীর পরিচয় নিয়ে শুরুতে ধোঁয়াশা থাকলেও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, তাঁর নাম সাদিয়া আক্তার মুন্নি (২৮)। তিনি মহেশখালী উপজেলার জাগিরা ঘোনা এলাকার আমান উল্লাহ ও হাসিনা বেগমের মেয়ে। তাঁর স্বামীর নাম সাইফুল ইসলাম

স্থানীয় বাসিন্দাদের দাবি, গত রমজান মাসের মাঝামাঝি সময়ে সাদিয়া আক্তার মুন্নি ও তাঁর স্বামী সাইফুল ইসলাম দক্ষিণ জানারঘোনা এলাকার আয়ুব নামের এক ব্যক্তির ভাড় বাসায় বাসা ভাড়া নেন। তবে গত প্রায় ১৫ দিন ধরে তাঁদের কাউকে এলাকায় দেখা যাচ্ছিল না। সাইফুল নিজেকে গাড়ি চালক হিসেবে পরিচয় দিতেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ছমিউদ্দিন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। মরদেহটি কম্বলে মোড়ানো ছিল। এটি অর্ধগলিত এবং মাথা ও হাতের কব্জি বিচ্ছিন্ন ছিল। বিষয়টি অত্যন্ত রহস্যজনক। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এখনো নিহত নারীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন