বাংলাদেশ ছাড়া পৃথিবীর সকল দেশেই জ্বালানির দাম বেড়েছে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশ ছাড়া বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে। অনেক দেশে তা দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভারতসহ বিভিন্ন দেশে জ্বালানি তেলের মূল্য উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে বাংলাদেশে এখনো জ্বালানির দাম বাড়েনি, যা বর্তমান সরকারের একটি সাফল্য।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার চেষ্টা করছে যেন সব শ্রেণি-পেশার মানুষ ভালো থাকতে পারে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতেও কোনো সমস্যায় না পড়ে। তিনি আরও বলেন, জনগণকে দীর্ঘমেয়াদি চিন্তা করতে হবে। ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে জ্বালানি তেলের দামে কিছু সমন্বয় আসতে পারে। তবে তা অবশ্যই জনগণের স্বার্থ সুরক্ষিত রেখে করা হবে।

শামা ওবায়েদ বলেন, বিএনপি দায়িত্ব গ্রহণের পর থেকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার প্রভাব সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ওপর পড়ছে। যুদ্ধের কারণে দেশের অর্থনীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি সৌদি আরবে জনশক্তি প্রেরণের মাধ্যমে শ্রমবাজার উন্মুক্ত করেন। তার সেই ধারাবাহিকতায় বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে যুদ্ধকালেও ইরানসহ বিভিন্ন দেশ বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র হিসেবে মূল্যায়ন করছে। ফলে প্রবাসীরা সেখানে নিরাপদে আছেন এবং প্রয়োজনীয় তেল ও গ্যাস আমদানিতেও কোনো বড় ধরনের সংকট তৈরি হয়নি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন