জেনজির নেতৃত্বে গণঅভ্যুত্থানের আশঙ্কা পরিবেশ মন্ত্রীর

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, রাজনীতি ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন না এলে জেনারেশন জেড (জেনজি)-এর নেতৃত্বে আবারও গণঅভ্যুত্থান ঘটতে পারে। 

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বনানীর এক হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিনোদ কে চৌধুরী-এর লেখা ‘মেড ইন নেপাল: লেসনস ইন বিজনেস বিল্ডিং ফ্রম দ্য ল্যান্ড অব এভারেস্ট’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

মন্ত্রী বলেন, দারিদ্র্য ও বৈষম্য কমাতে সুশাসনভিত্তিক রাজনীতি ও শক্তিশালী অর্থনীতি অপরিহার্য। এই দুইয়ের সম্পর্ক ‘যমজ ভাইয়ের’ মতো-একটি ছাড়া অন্যটি কার্যকর হতে পারে না। তিনি বলেন, ভালো রাজনীতি ছাড়া ভালো অর্থনীতি সম্ভব নয়, আবার শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি ছাড়া টেকসই রাজনীতিও গড়ে ওঠে না। এই দুইয়ের অভাবেই সমাজে বৈষম্য বাড়ে এবং মানুষ বাধ্য হয়ে রাস্তায় নেমে আসে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও নেপাল-দুটি দেশই সাম্প্রতিক সময়ে এই বাস্তবতার উদাহরণ। বর্তমান প্রেক্ষাপটে যদি প্রয়োজনীয় সংস্কার না আসে, তাহলে জেনজির নেতৃত্বে নতুন করে গণঅভ্যুত্থান দেখা দিতে পারে।

অনুষ্ঠানে বক্তব্য দেন নেপালের একমাত্র বিলিয়নিয়ার ও সিজি কর্প গ্লোবাল-এর চেয়ারম্যান বিনোদ কে চৌধুরী। তিনি বলেন, ভৌগোলিক অবস্থান অনেক সময় দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে প্রভাবিত করে। তাই আঞ্চলিক সহযোগিতা জোরদার করা জরুরি। তিনি বিশেষভাবে ভারত-এর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, বাংলাদেশ, নেপাল ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদার করলে সকল পক্ষেরই উপকার হবে।

গত তিন দশকে বাংলাদেশ ও নেপালের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক প্রত্যাশিত মাত্রায় এগোয়নি বলেও মন্তব্য করেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু হওয়াকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন