চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা থেকে লুট হওয়া একটি বিদেশি ‘তরাশ’ পিস্তল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পশ্চিম বিভাগ। এ ঘটনায় মিনহাজ উদ্দিন রাহিম (২১) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে খুলশী থানাধীন মতিঝর্না এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনহাজ স্বীকার করেন যে, ২০২৪ সালের ৫ আগস্ট থানা থেকে তিনি ও তার সহযোগী আমির হোসেন পিস্তলটি লুট করেছিলেন। পরবর্তীতে তিনি সেটি ৫০ হাজার টাকায় আমিরের কাছে বিক্রি করে দেন।
মিনহাজের দেওয়া তথ্যে লালখান বাজার এলাকায় আমিরের বাসায় অভিযান চালিয়ে ৯ এমএম-এর সচল বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আমির হোসেন পালিয়ে যান। পলাতক আমির হোসেনের বিরুদ্ধে এর আগেও ২০১২ সালের একটি হত্যা মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে খুলশী থানায় নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
