হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পিএম

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু আর হাম শনাক্ত হয়েছে ৮২ জনের।

সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব ১২ এপ্রিল সকাল ৮টা থেকে আজ ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামে আক্রান্ত হয়ে যেসব শিশু হাসপাতালে ভর্তি হয়েছে তাদের মধ্যে বেশির ভাগের বয়স ৫ বছরের কম। এ ছাড়া যাদের হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়েছে তাদের মধ্যেও অনেকের শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত হামের টিকা প্রয়োগ ও সচেতনতা বাড়ানোর মাধ্যমে এই মৃত্যুর হার কমানো সম্ভব। তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, শিশুদের হামের টিকা দিতে এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন