ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নাকর্মীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের আওতায় শিগগিরই ৭৮৪টি ফ্ল্যাট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) গাবতলি সুইপার কলোনি পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক এ তথ্য জানান।
মো. শফিকুল ইসলাম খান জানান, চারটি ১৫ তলা ভবনে এসব আধুনিক ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। ভবনের ভেতরে প্রতিটি ফ্লোরে ১৬টি করে ইউনিট আছে। ভবনে মোট ফ্লাটের সংখ্যা ৭৮৪টি।
ডিএনসিসি প্রশাসক বলেন, আমাদের যারা প্রতিদিন কষ্ট করে সিটি কর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সিটি কর্পোরেশনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখে তারা এখানে বসবাস করবে। সকল কিছু বিবেচনা করে তাদের বসবাসের উপযোগী করে তৈরি করা হয়েছে। দুর্ঘটনার কথা মাথায় রেখে ফায়ার এক্সিটের ব্যবস্থাও রাখা হয়েছে।
তিনি বলেন, মানুষের প্রাণখুলে বসবাস করার মতো করে ভবনের ভেতরের রুমগুলো সুন্দর করে তৈরি করা হয়েছে। আমার রুমগুলো দেখে মনে হয়েছে আমি নিজেও এখানে বসবাস করতে পারবো। আমরা আশা করছি আগামী জুলাইয়ের শেষের দিকে কিংবা আগস্টের শুরুতে পরিচ্ছন্নাকর্মীদের হাতে ফ্লাটের চাবি হস্তান্তর করতে পারবো।
তিনি বলেন, বিভিন্ন জটিলতার কারণে এতদিন ফ্ল্যাট বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে এখন বিষয়টি অগ্রাধিকার দিয়ে দ্রুত ফ্ল্যাট বরাদ্দ কার্যক্রম শুরু করা হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক।
