ভারত থেকে ৩টি ট্রাকে করে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। বিস্ফোরকের চালানটি কাস্টমস কার্যক্রম শেষে কঠোর নিরাপত্তার মধ্যে সংরক্ষণ করা হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে বিস্ফোরকবাহী চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করে।
বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য ভারত থেকে প্রথম ধাপে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ ও ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আমদানি করা হয়েছে। ভারতের বেঙ্গালুরু ভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড থেকে এসব বিস্ফোরক দ্রব্য তিনটি ভারতীয় ট্রাকে করে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনা হয়।
কর্তৃপক্ষ আরো জানায়, চালানটি বিষ্ফোরক দ্রব্য হওয়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাস্টম্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বন্দরের নির্ধারিত নিরাপদ শেডে তা রাখা হয়েছে। শুক্রবার (৮ মে) পুলিশি প্রহরায় এসব বিস্ফোরক দিনাজপুর জেলার মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের এক্সপ্লোসিভ ম্যাগাজিনে পাঠানো হবে।
