মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কুয়ালা ক্রাই জেলার দাবং এলাকার একটি হাইড্রোপাওয়ার প্রকল্পে অভিযান চালিয়ে ১১৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।সোমবার পরিচালিত এ সমন্বিত অভিযানে জেআইএম কেলান্তান শাখার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
বৃহস্পতিবার, জেআইএম কেলান্তানের উপ-পরিচালক নিক আখতারুলহাক নিক আবদুল রহমান জানান, প্রকল্প এলাকায় বসবাস ও কর্মরত ৩৬৯ জন বিদেশিকে তল্লাশি করে তাদের মধ্য থেকে ১১৪ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও চীনের নাগরিক রয়েছেন।
তিনি বলেন, বিকেল ৫টা থেকে শুরু হওয়া এ অভিযান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই এলাকায় কর্মরত অনেক বিদেশির বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতি ছিল না বলে সন্দেহ করা হচ্ছিল।
অভিযানে জেআইএম কেলান্তানের ৬৫ জন কর্মকর্তার পাশাপাশি অন্যান্য সংস্থার ৫৬ জন সদস্য অংশ নেন। এ অভিযানে সহযোগিতা করে কুয়ালা ক্রাই জেলা পুলিশ সদর দপ্তর, শ্রম বিভাগ (জেটিকে), পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ (জেকেকেপি) এবং জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন) কেলান্তান।
আটককৃতদের পরবর্তী তদন্তের জন্য কেলান্তান ইমিগ্রেশন কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৬(১)(সি) এবং ১৫(১)(সি) ধারায় অভিযোগ আনা হতে পারে।
নিক আখতারুলহাক আরও বলেন, অবৈধ অভিবাসীদের আশ্রয়দান, সহায়তা বা সুরক্ষা প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।
এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ জনগণকে অবৈধ অভিবাসীদের উপস্থিতি বা বিদেশিদের অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
