দেশে তুর্কি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৬:৫১ পিএম

দেশে তুর্কি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। অনেক তুর্কি বিনিয়োগকারী ইতোমধ্যেই বাংলাদেশকে কাছ থেকে বুঝতে এবং বিনিয়োগ সম্ভাবনা যাচাই করতে আসছেন বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। আজ রবিবার সকালে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এসব তথ্য তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশে তুর্কি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ আরও বাড়ানো ও চলমান আগ্রহকে আরও বেশি কীভাবে এগিয়ে নেওয়া যায় এ বিষয়ে আলোচনা করা হয়।

রামিস সেন বলেন, দুই দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ দরকার। এর মধ্যে সরকারি ও বেসরকারি খাতের পারস্পরিক সফরও গুরুত্বপূর্ণ। তিনি তুরস্কের কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র-গাজিয়ানতেপ, দেনিজলি এবং কোকায়েলি-ইজমিতের কথাও উল্লেখ করেন।

আশিক চৌধুরী বলেন, বাণিজ্য ও সরাসরি বৈদেশিক বিনিয়োগ উভয় ক্ষেত্রেই তুরস্ক বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। দুই দেশের মধ্যে যে সুস্পষ্ট মিল ও সম্ভাবনা রয়েছে, তা বিবেচনায় নিলে বিনিয়োগ ও বাণিজ্য দুটোর পরিমাণই আরও বেশি হওয়া উচিত।’

বৈঠকে বাংলাদেশে তুর্কি বিনিয়োগের বিদ্যমান আইনি কাঠামো নিয়েও কথা হয়। কোচ গ্রুপের আইগ্যাস ও আর্চেলিকসহ বিডা বর্তমানে যেগুলো সঙ্গে কাজ করছে এমন বড় তুর্কি প্রতিষ্ঠানের বিষয়ও উঠে আসে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন