রেল টিকিটের জন্য ওয়েবসাইটে আধা ঘণ্টায় সোয়া কোটি হিট

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৩:৩৪ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনে অনলাইনে ভিড় চরমে। 

শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র আধা ঘণ্টার মধ্যেই রেলওয়ের অনলাইন প্লাটফর্মে ১ কোটি ২৭ লাখ হিট রেকর্ড করা হয়েছে। দুপুরের মধ্যেই প্রায় সব আসন শেষ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানিয়েছে, আগামী ২৮ মে ঈদুল আজহা উপলক্ষে এই অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। আজ সকাল সাড়ে ৮টার মধ্যে ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১৫ হাজার ৪৫১টি আসন বিক্রি হয়ে যায়। ঢাকা থেকে রাজশাহী, পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর ও খুলনাগামী সব ট্রেনের টিকিট শেষ।

রেলওয়ের তথ্যানুযায়ী, ২৬ মে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের মোট আসন সংখ্যা ৩২ হাজার ৭২৯টি এবং সারা দেশে মোট আসন ১ লাখ ৭৪ হাজার ২৬৬টি। এর মধ্যে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১৫ হাজার ৪৫১টি আসন এবং সারা দেশে মোট ২৪ হাজার ২৯৩টি আসন বিক্রি হয়েছে।

ঢাকা-রাজশাহী রুটের পাঁচটি, ঢাকা-পঞ্চগড় রুটের তিনটি, ঢাকা-কুড়িগ্রাম রুটের দুটি, ঢাকা-দিনাজপুর রুটের তিনটি ও ঢাকা-খুলনা রুটের তিনটি ট্রেনের সব আসন শেষ হয়ে গেছে। আজ দুপুর ২টা থেকে শুরু হয়েছে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি।

ঈদ উপলক্ষে রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের পাঁচ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। ইতিমধ্যে ২৩, ২৪ ও ২৫ মে’র টিকিট যথাক্রমে ১৩, ১৪ ও ১৫ মে বিক্রি হয়েছে। শেষ দিন ২৭ মে’র টিকিট বিক্রি হবে আগামীকাল ১৭ মে।

নিয়ম অনুযায়ী, প্রতিজন যাত্রী সর্বোচ্চ একবার এবং একবারে সর্বোচ্চ চারটি অগ্রিম টিকিট কিনতে পারবেন। তবে এসব টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন উচ্চশ্রেণি ব্যতীত মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। এ ছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রি করা হবে।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন