বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং এ চার খাতে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। অন্যদিকে ঢাকায় কাতারের আরো কয়েকটি ভিসা সেন্টার খোলার অনুরোধ করেছে বাংলাদেশ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সোমবার (১৮ মে) বৈঠক করেছেন ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে। বৈঠক শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
আরিফুল হক চৌধুরী বলেন, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং নিয়ে তারা কথা বলেছে। অদক্ষ কর্মীর তুলনায় দক্ষ কর্মী নেয়ায় জোর দিচ্ছে কাতার। আমরাও এ বিষয়ে তাদের উৎসাহিত করছি। আমরা দক্ষ কর্মী তৈরি করে পাঠাব।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি জানান, বিএনপি সরকারের সঙ্গে মধ্যপ্রাচ্যের ভালো সম্পর্ক রয়েছে। আজ দুই দেশের যৌথ মিটিং হয়েছে। সেখানে বাংলাদেশের অগ্রাধিকার ছিল, কীভাবে কাতারে আরো বেশি কর্মী পাঠানো যায়। কাতারে ইমাম ও মুয়াজ্জিন যায়, মাঝখানে যা কমে গেছে। আমরা সংখ্যাটা বাড়ানোর অনুরোধ করেছি, তারা রাজি হয়েছে। তারা নতুন করে চারটি খাতে আমাদেরকে একটা সুযোগ দেয়ার কথা বলেছে।
প্রতিমন্ত্রী বলেন, এ রকম আরো যে খাতগুলোয় বাংলাদেশীদের সুযোগ করে দেয়া যায় সেদিকে তাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক।
বর্তমানে বাংলাদেশে কাতারের ভিসা সেন্টার একটি। ভিসা সেন্টার আরো বাড়ানোর অনুরোধ করেছে বাংলাদেশ। এ প্রসঙ্গে নুরুল হক বলেন, আমরা একটা বিষয় তাদের দৃষ্টিতে এনেছি। একটা কাতার ভিসা সেন্টার থাকায় আমাদের অনেক লোকজনের কষ্ট করতে হয়, দুই-চারবার এখানে আসতে হয়। ভিসা সেন্টার বাড়ানোর কথা বলেছি; তারা আশ্বস্ত করেছে। আমাদের জায়গা থেকে আরো কয়েকটি অনুমোদন দেয়ার জন্য বলেছি। সেটা নিয়ে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ে আলাপ-আলোচনা হবে এবং কাতারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে।
