হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারের পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ মে ২০২৬, ১২:৪৩ এএম

হামের প্রাদুর্ভাব মোকাবেলা এবং হামে আক্রান্ত শিশুদের বাঁচাতে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে জানতে চেয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত একটি অগ্রগতি প্রতিবেদন আগামী ৩০ দিনের মধ্যে হাইকোর্টে দাখিল করতে হবে। 

এক রিট আবেদনের ওপর গতকাল মঙ্গলবার প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। 

রুলে হামের প্রাদুর্ভাবের মূল কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ শিশু তহবিল এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিনিধি সমন্বয়ে ১০ সদস্যের একটি তদন্ত কমিটি কেন গঠন করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। পাশাপাশি হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুদের প্রত্যেকের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও রুলে জানতে চেয়েছে আদালত। 

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও আইইডিসিআরের পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। গত ১০ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব জনস্বার্থে এ রিট আবেদনটি করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর