হকি-কাবাডির মেয়েদের মাঝে জাইমা রহমান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৯:৫৬ পিএম

খেলার টানে নিয়মিতই মাঠে ছুটে যান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। নিখাদ ক্রীড়াপ্রেম থেকেই তার এই মাঠমুখী হওয়া। খেলা ভালোবাসেন বলে খেলোয়াড়দের প্রতিও রয়েছে তার বিশেষ টান। সেই টান থেকেই সম্প্রতি হকি ও কাবাডি নারী দলের খেলোয়াড়দের সঙ্গে পুরো এক বিকেল কাটিয়েছেন প্রধানমন্ত্রী কন্যা।

শনিবার (২৩ মে) বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে জাতীয় নারী হকি দল ও নারী কাবাডি দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইমা রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

কয়েক দিন আগে নারী হকি দল ও নারী কাবাডি দল ভিন্ন দুটি আন্তর্জাতিক আসরে অসাধারণ সাফল্য অর্জন করে। নারী হকি দল প্রথমবারের মতো এশিয়ান গেমসের বাছাই পর্বে অংশ নিয়েই চূড়ান্ত পর্ব নিশ্চিত করে। অন্যদিকে নারী কাবাডি দল এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ পদক জয় করে। এই সাফল্যের জন্যই ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি দলকে সংবর্ধনা দেওয়া হয়।

একই অনুষ্ঠানে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে অংশ নিতে যাওয়া নারী ও পুরুষ অনূর্ধ্ব-১৮ দলের জার্সি উন্মোচন করা হয়। বিকেলের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সব আলো কেড়ে নেন জাইমা রহমান। তিনি খেলোয়াড়দের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং তাদের সুবিধা-অসুবিধার কথা শুনতে চান।

অনুষ্ঠানে নারী হকি দল ও নারী কাবাডি দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক লাখ টাকা করে পুরস্কার প্রদান করা হয়। শুধু খেলোয়াড়রাই নয়, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরাও এই অর্থ পুরস্কার পান। এ ছাড়া বেসরকারি ব্যাংক ব্র্যাক নারী হকি দলের পৃষ্ঠপোষক হিসেবে আলাদাভাবে প্রত্যেক খেলোয়াড়কে আরও এক লাখ টাকা করে প্রদান করে।

এমন এক অনুষ্ঠানে জাইমা রহমানকে পেয়ে অনুপ্রাণিত ছিলেন খেলোয়াড়রা। নারী হকি দলের অধিনায়ক অর্পিতা পাল বলেন, জাইমা রহমান ম্যামকে আমাদের মাঝে পেয়ে আমরা অনেক খুশি।

কাবাডি দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক বলেন, জাইমা রহমান ম্যামকে পেয়ে খুবই ভালো লাগছে। আমরা খুবই অনুপ্রাণিত হয়েছি উনাকে পেয়ে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন