পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৭:১৭ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ড. জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। 

রবিবার (২৪ মে) তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদ বরাবর পদত্যাগপত্র জমা দেন এবং পরে তা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে পেশ করেন। ইসলামী ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের বিদায়ী পর্ষদ ভেঙে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপর ওবায়েদ উল্লাহ আল মাসুদকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক। তিনি পরবর্তীতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গত বছরের জুলাইয়ে ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করলে ব্যাংকের নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে বোর্ডে আসেন অধ্যাপক জুবায়দুর রহমান এবং চেয়ারম্যানের দায়িত্ব পান। মাত্র ১০ মাস পর আজ তিনি পদত্যাগ করলেন।

অধ্যাপক জুবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক ও ইতালির ইউনিভার্সিটি অব বোকোনিতে অধ্যাপনা করেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক জুবায়দুর রহমান রাজধানীর জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের (জেডএনআরএফ ইউএমএস) প্রতিষ্ঠাতা উপাচার্য। বিশ্ব ব্যাংকের এই সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে স্বতন্ত্র উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

পদত্যাগের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কেন্দ্রীয় ব্যাংক ও ব্যাংকটির পর্ষদ সূত্র বলছে, আগামী দিনে ব্যাংকটির নতুন ব্যবস্থাপনায় নীতিগত পরিবর্তন আসতে পারে।

 

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর