দেশের ১০টি জেলার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সোমবার (২৫ মে) আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ঝড়ো আবহাওয়ার কারণে দেশের এই ১০টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
