গুম-খুনের শিকার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৭:৫৬ পিএম

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ঈদ উপলক্ষে উপহার গ্রহণ বড় বিষয় নয়, উপহার দিয়ে শহীদ পরিবারের ঋণ শোধ করা যাবে না। আন্দোলন-সংগ্রাম এবং জুলাই আন্দোলনে যেসব পরিবার সন্তান, ভাই, স্বামী কিংবা পিতাকে হারিয়েছেন অথবা গুম ও খুনের শিকার হয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ ও পাশে থাকার জন্যই এ আয়োজন।

তিনি বলেন, “যারা গুম হয়েছেন, তাদের অনেকেরই এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। এসব পরিবারের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা রয়েছে। তাদের সন্তানরা চাকরি, ব্যবসা-বাণিজ্য কিংবা শিক্ষাজীবনে বাবার নাম লিখতে গেলেও সংকটে পড়ছে। এছাড়া যারা পঙ্গুত্ববরণ করেছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন কিংবা দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন, তাদের কষ্ট আরও দীর্ঘদিনের।”

বুধবার (২৭ মে) বিকালে লক্ষ্মীপুরের বশির উল্যা চৌধুরী মিলনায়তনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গুম, খুন ও আন্দোলনে শহীদ হওয়া বিএনপির নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, “আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী নেতাকর্মীদের পরিবার কখনও একা নয়। আমরা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করবো এবং নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবো।”

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান লিটন, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান লিটনসহ দলীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর