ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা বাড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে মোবাইল অপারেটর রবি। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি (লাইভ) দেখা যাবে ‘মাই রবি’ অ্যাপের মাধ্যমে। ফলে ফুটবলপ্রেমীরা যেকোনো স্থান থেকে সহজেই খেলা উপভোগ করতে পারবেন।
তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারই প্রথম ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। প্রায় দেড় মাসব্যাপী এই ক্রীড়া আসরের পর্দা নামবে আগামী ১৯ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।
গ্রাহকদের জন্য সর্বাধুনিক ডিজিটাল বিনোদন সেবা নিশ্চিত করতে রবি এই সুবিধা নিয়ে এসেছে। অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা কীভাবে লাইভ ম্যাচ দেখার সুযোগ পাবেন, সে সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
