পে-স্কেল পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরাও

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৬:২৮ পিএম

আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। এই পে-স্কেলের আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও বেতন-সুবিধা পাবেন। তবে সরকারি চাকরিজীবীদের সঙ্গে একসাথে নয়, কিছুটা পরে নতুন পে-স্কেলের সুবিধা পাবেন তারা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানায়, সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম জাতীয় পে-স্কেলের সুবিধার আওতায় থাকবে। তবে বেতন ও অন্যান্য সুবিধা সরকারি চাকরিজীবীদের সঙ্গে একই সময়ে কার্যকর হবে না। আগে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে। এরপর পর্যায়ক্রমে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে তা কার্যকর করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, পূর্বের নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবীদের পে-স্কেল আগে হবে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কিছুটা দেরিতে পে-স্কেল পাবেন। সচরাচর সরকারি চাকরিজীবী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল একইসঙ্গে বাস্তবায়ন হয় না।

নবম জাতীয় পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন কত শতাংশ বাড়বে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সরকার তিনটি বিকল্প প্রস্তাব নিয়ে কাজ করছে।

সচিব কমিটির প্রথম প্রস্তাবনায় প্রথম ধাপে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধির কথা রয়েছে। বিকল্প প্রস্তাবে ১ম থেকে ৯ম গ্রেডের কর্মচারীদের জন্য ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ৬০ শতাংশ বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রয়েছে। আরেকটি বিকল্প হিসেবে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেসিক বেতন শতভাগ বাড়ানোর চিন্তাভাবনাও করা হচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর