জাকির নায়েকের সঙ্গে আহমাদুল্লাহর সাক্ষাৎ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মপ্রচারক ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি বক্তা ও গবেষক মাওলানা আহমাদুল্লাহ। সাক্ষাৎকালে জাকির নায়েকের হাতে নিজের লেখা ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আহমাদুল্লাহ। সেখানে তিনি লেখেন, ‘মালয়েশিয়াতে প্রখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে, তার হাতে তুলে দিচ্ছি ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি ভার্সন।’

আহমাদুল্লাহর ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইটি এর আগে বিপুলসংখ্যক পাঠকের কাছে পৌঁছেছে। এক পোস্টে তিনি জানিয়েছিলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সকাল-সন্ধ্যার দুআ ও যিকিরবিষয়ক বইটি ১২ লাখ মানুষের হাতে পৌঁছেছে।

এবার ঘুমানোর আগে নবীজি (সা.)-এর মাসনুন দুআ, যিকির ও তিলাওয়াত নিয়ে নতুন একটি বই প্রকাশের উদ্যোগের কথাও জানান তিনি। আহমাদুল্লাহ লিখেছেন, ‘১২ লাখ মানুষের হাতে ‘রাসুলুল্লাহ (সা.)-এর সকাল-সন্ধ্যার দুআ ও জিকির বইটি পৌঁছানোর পর এবার আসছে রাতে ঘুমানোর আগে নবীজি (সা.)-এর মাসনুন দুআ-জিকির ও তিলাওয়াতের বই (ইনশাআল্লাহ)।’

তিনি আরও লেখেন, ‘অন্য যে কোনো সময়ের মাসনুন আমলের তুলনায় ঘুমানোর পূর্বের মাসনুন আমলের ব্যাপারে আমাদের জানাশোনা ও আমল খুবই কম। তাই এ বিষয়ক বই আমাদের এবারের প্রয়াস।’

আহমাদুল্লাহর প্রকাশিত বইটিতে সহিহ বা গ্রহণযোগ্য হাদিসের ভিত্তিতে দুআগুলো সংকলন করা হয়েছে বলে জানানো হয়েছে। এতে দুআর মূল আরবি, বাংলা উচ্চারণ ও সহজ বাংলা অর্থের পাশাপাশি সংশ্লিষ্ট আমলের ফজিলত ও উপকারিতা হাদিসের সূত্রসহ উল্লেখ করা হয়েছে।

ছোট আকারের বইটি সহজে বহন করে নিয়মিত আমল করার উপযোগী করে তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, ড. জাকির নায়েক ভারতীয় ইসলামি বক্তা ও লেখক। ২০১৬ সালে ভারত সরকার তার বিরুদ্ধে বক্তব্য প্রচার ও অর্থপাচারের অভিযোগ আনে এবং তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধ করে।

জাকির নায়েক এসব অভিযোগ অস্বীকার করেছেন। পরবর্তী সময়ে তিনি মালয়েশিয়ায় বসবাস শুরু করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন