নবম পে-স্কেল: কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ বিভাগের জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ নতুন বেতন কাঠামোর পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বাড়িভাড়ার হারও নির্ধারণ করা হয়েছে। এলাকা ও গ্রেডভেদে বাড়িভাড়ার হারে ভিন্নতা রাখা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেড-২০-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১৬-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৬০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন। গ্রেড-১৫-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১০-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত ৫০ শতাংশ এবং গ্রেড-৯-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-৫-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত ৪৫ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া গ্রেড-৪-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৪০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।

অন্যান্য সিটি করপোরেশন ও পৌর এলাকায়

খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও বগুড়া সিটি করপোরেশন এবং সাভার ও কক্সবাজার পৌর এলাকায় বাড়িভাড়ার হার ঢাকার তুলনায় কম রাখা হয়েছে।

এসব এলাকায় গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৫০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন। গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ৪০ শতাংশ, গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩৫ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা ৩০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।

অন্যান্য এলাকায় বাড়িভাড়া

দেশের অন্যান্য এলাকার জন্যও আলাদা হার নির্ধারণ করা হয়েছে। এসব এলাকায় গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৪৫ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।

গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত চাকরিজীবীদের জন্য বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে মূল বেতনের ৩৫ শতাংশ। গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩০ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীদের জন্য বাড়িভাড়া হবে মূল বেতনের ২৫ শতাংশ।

বর্তমানে বাড়িভাড়ার হার

বর্তমান কাঠামোয় ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতন ৯ হাজার ৭০০ টাকা পর্যন্ত হলে ৬৫ শতাংশ হারে, তবে ন্যূনতম ৫ হাজার ৬০০ টাকা বাড়িভাড়া দেওয়া হয়। ৯ হাজার ৭০১ থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত মূল বেতনের ক্ষেত্রে বাড়িভাড়া ৬০ শতাংশ, তবে ন্যূনতম ৬ হাজার ৪০০ টাকা।

মূল বেতন ১৬ হাজার ১ থেকে ৩৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত হলে ৫৫ শতাংশ হারে, তবে ন্যূনতম ৯ হাজার ৬০০ টাকা এবং ৩৫ হাজার ৫০১ টাকার বেশি মূল বেতন হলে ৫০ শতাংশ হারে, তবে ন্যূনতম ১৯ হাজার ৫০০ টাকা বাড়িভাড়া পাওয়া যায়।

নতুন পে-স্কেলে বাড়িভাড়ার হার নির্ধারণে বর্তমান কাঠামোর তুলনায় গ্রেড ও এলাকা অনুযায়ী নতুন নিয়ম চালু করা হয়েছে। ফলে নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়ার হিসাব নির্ধারিত নতুন হার অনুযায়ী হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন