সংবিধান সংশোধন কমিটির মতবিনিময় সভায় অংশ নেবে না ইসলামী আন্দোলন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ এএম

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির আজকের মতবিনিময় সভায় অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই সনদ ও সংবিধান সংস্কারসংক্রান্ত গণভোটের সিদ্ধান্তের ভিত্তিতে সংবিধান সংস্কার হওয়া উচিত বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি মনে করে, গণভোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় অংশ নেওয়া সমীচীন নয়। এ কারণে আজকের মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

দলটির সহকারী মহাসচিব ও প্রচার বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ বলেন, ‘সংবিধান সংস্কার সংক্রান্ত জুলাই গণভোটের সিদ্ধান্ত অমান্য করে সরকারের মনমতো সংবিধান সংশোধন করার খেলায় অংশ নিতে চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাই আজকের বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যোগ দেবে না।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংস্কার করতে হবে।

উল্লেখ্য, রোববার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই হবে মতবিনিময়। বৈঠকের আলোচ্যসূচির একটি ‘জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতৃবৃন্দের সাথে কমিটির মতবিনিময়’। ইতিমধ্যে দল ও জোটগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক পর্যায়ের দুজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সভায় সংবিধান সংশোধনের বিষয়ে তাদের মতামত উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন