বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নতুন নেতৃত্ব ঘোষণা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২০২৬-২০২৭ সেশনের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে জাকারিয়া হোসাইন জাকির নির্বাচিত এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মুহাম্মদ ইসমাঈল খন্দকার মনোনীত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকায় সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সমাপনী অধিবেশনে নতুন কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হয়।

সারাদেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন তিন সদস্যের নির্বাচন কমিশন। কমিশনে দায়িত্ব পালন করেন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মুনতাসির আলী, সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মো. আবদুল জলিল ও সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে সারাদেশের সদস্যদের ভোট গ্রহণ করা হয়। পরে শনিবার দুপুর সাড়ে ৩টায় সদস্যদের উপস্থিতিতে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ২০২৬-এর ফলাফল ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া হোসাইন জাকিরকে শপথবাক্য পাঠ করান খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।

জাকারিয়া হোসাইন জাকিরের সভাপতিত্বে সদস্য সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।

তিনি বলেন, ছাত্রসমাজ একটি দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রধান ভিত্তি। জ্ঞান, নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের সমন্বয়ে ছাত্রদের গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার সব স্তরে কোরআন ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ করার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও বৈষম্য দূর করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার, নৈতিকতা ও দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে হবে।

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ও নতুন দায়িত্বশীলদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সংগঠনের দায়িত্বশীলদের আমানতদারিতা, তাকওয়া, নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ছাত্রসমাজের কল্যাণে কাজ করার পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে ভূমিকা রাখতে হবে।

নবমনোনীত সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসমাঈল খন্দকারের পরিচালনায় সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলিল এবং প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ও শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম।

প্রাক্তন কেন্দ্রীয় সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শায়খুল ইসলাম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা সোহাইল আহমদ, মাওলানা আজিজুল হক, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা মনসুরুল আলম মনসুর, মাওলানা মনির হোসাইন ও সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

এ ছাড়া সাবেক সেক্রেটারি জেনারেল সেলিম হোসাইন ও মাওলানা খালেদ আহমদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, সহসাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হক আমিনী এবং শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন