কবিরাজি চিকিৎসার নামে প্রতিবন্ধীকে লাঠিপেটা, রক্তক্ষরণে মৃত্যু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম

চট্টগ্রামের কর্ণফুলীতে হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে ঝাড়ফুঁক করার পর অতিরিক্ত রক্তক্ষরণে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নিহতের বাবা নুর মোহাম্মদ ও কবিরাজ আব্দুর নূরকে আটক করেছে পুলিশ। এর আগে একইদিন বিকেল ৫টার দিকে জুলধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডাঙ্গারচর এবাদুল্লাহর বাপের বাড়ি এলাকায় ঝাড়ফুঁক করার ঘটনা ঘটে। 

নিহত প্রতিবন্ধী সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ (১৮) ওই এলাকার নুর মোহাম্মদ চৌকিদারের ছেলে। 

জানা গেছে, সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ প্রতিবন্ধী ছিলেন। তাকে সুস্থ করতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেওয়া হলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে এক কবিরাজের পরামর্শে মঙ্গলবার বিকেলে তাকে ঘরের ভেতর হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে ঝাড়ফুঁক করা হচ্ছিল। একপর্যায়ে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, কবিরাজের পরামর্শে যুবকটির হাত-পা বেঁধে লাঠি দিয়ে আঘাত করে ঝাড়ফুঁক করার সময় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা ও কবিরাজকে মঙ্গলবার রাতে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন