সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় তৌহিদুল ইসলাম ফিরোজ নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তৌহিদুল ইসলাম ফিরোজ পঞ্চক্রোশী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। তিনি পঞ্চক্রোশী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত ওই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ওই বছরই অন্তর্বর্তী সরকার আমলে তাকে পদচ্যুত করা হয়।
উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, বেতকান্দি নিজ বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। একটি বিস্ফোরক মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
