চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগানে থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের একটি আমবাগান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সাদা শপিং ব্যাগে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় অস্ত্র, গুলি ও ম্যাগাজিনগুলো উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। নাশকতার উদ্দেশ্যে অস্ত্রগুলো সেখানে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
