মহাসড়ক পার হতে যাওয়াই কাল হলো শিশু তাসফিয়ার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পিএম

চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পারাপারের সময় লেগুনার ধাক্কায় ৮ বছরের তাসফিয়া নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় তিনজন আহত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার গৈড়লারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসফিয়া বাশঁখালী উপজেলার আবু হানিফের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রাম থেকে পটিয়াগামী একটি যাত্রীবাহী লেগুনা গৈড়লারটেক এলাকায় পৌঁছালে পারাপারের সময় তাসপিয়াকে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি উল্টে যায়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ সময় লেগুনায় থাকা তিনজন আহত হন।

আহত ব্যক্তিরা হলেন, পটিয়ার কেলিশহর ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে মো. ইকবাল (৩০), পটিয়া সদরের মৃত মোজাহের মিয়ার ছেলে মো. হাবিব (৪৫) এবং আহমদ রহমানের ছেলে আজগর আলী (১৭)। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ সদস্য আবদুল বারেককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একজন শিশু মারা গেছে বলে তিনি শুনেছেন। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর