রাজশাহীকে দেশের সবচেয়ে সুন্দর, বাসযোগ্য ও নিরাপদ মহানগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই নগরবাসী ব্যাপক উন্নয়নের চিত্র দেখতে পাবেন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রাজশাহী মহানগরীর সিটি হাট চত্বরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৩টি উন্নয়ন প্রকল্পের ৫টি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, ‘বন্ধ থাকা উন্নয়নকাজ পুনরায় চালু করা এবং পানির লাইন স্থাপনের কারণে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে।’
ভূমিমন্ত্রী বলেন, ‘রাসিক ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নগরীর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। সোনাদীঘি মসজিদের কাজ, বাঁধের উন্নয়নসহ বন্ধ থাকা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। নগরীকে সবুজ ও দৃষ্টিনন্দন করতেও পদক্ষেপ নেওয়া হবে।’
এ সময় যোগাযোগব্যবস্থার উন্নয়নে জামিরা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত তিন লেনের রাজশাহী বাইপাস সড়ক নির্মাণের ঘোষণা দেন মন্ত্রী।
তিনি জানান, প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাবিত এ সড়কে ডিভাইডার, বৃক্ষরোপণ, ড্রেন ও ফুটপাত থাকবে। একই ব্যয়ে বিমানবন্দর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত আরেকটি আধুনিক সড়ক নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।
এ ছাড়া মাস্টারপ্ল্যান অনুযায়ী পদ্মার পাড় দিয়ে ‘রিভার ড্রাইভ’ এবং বারনই নদীর পাশ দিয়ে নতুন সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে, দোয়া ও মোনাজাতের পর পুনঃস্থাপিত ৫টি ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০০৪ ও ২০০৫ সালে নগরীর মোড় প্রশস্তকরণ, সৌন্দর্যবর্ধন, জলাবদ্ধতা নিরসন এবং সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর হিসেবে ফলকগুলো স্থাপন করা হয়েছিল। পরে সেগুলো মুছে ফেলা হয়। দীর্ঘদিন পর ফলকগুলো পুনঃস্থাপনের মাধ্যমে প্রকল্পগুলোর ঐতিহাসিক স্মৃতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
