ভালুকায় বিএনপি নেতার শারদীয় শুভেচ্ছা উপহার শাড়ি-লুঙ্গি বিতরণ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৯:০২ পিএম

ময়মনসিংহের ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খানের উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে ময়মনসিংহের ভালুকা বাজারের উপজেলা কেন্দ্রীয় হরিসভা মন্দিরে শারদীয় শুভেচ্ছা উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঁঠালি এলাকার একটি ভাড়া বাসায় থাকেন সীমা রানী (৩২)। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। বিয়ারিং লাগানো বিশেষ গাড়িতে চলাফেরা করেন। এদিন রিকশায় চড়ে এসেছিলেন পূজার উপহার নিতে।

সিমা রানী বলেন, ছোটবেলা থেকেই অসহায়। জন্মের পর মায়ের মুখ দেখিনি। খুলনার একটি খ্রিস্টান মিশনের এতিমখানায় থাকার পর বিয়ে হয়। প্রায় তিন বছর আগে স্বামী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন।

তিনি আরও বলেন, কোনোদিন কারও কাছে হাত বাড়াই নাই। এখন পরিস্থিতির শিকার হয়ে হাত বাড়াইছি। এগুলো করা আমার অভ্যাস নাই। কিন্তু পেট চালানোর জন্য বাধ্য হয়ে করতে হয়। নিজের বাড়িঘর না থাকায় ভাড়া বাসায় থাকতে হয় আমাকে। জীবনের এমন কঠিন বাস্তবতায় পূজা উপলক্ষে শাড়ি উপহার পেয়ে খুশি আমি। এ উপহার কেবল একটি শাড়ি নয়, উৎসবের আনন্দে অংশ নেওয়ারও উপলক্ষ।

সিমা রানীর মতো উপহার পেয়ে খুশি উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধাইরাপাড়া এলাকার ৮৩ বছর বয়সী অমল কুমার বনিকও। তিন মেয়ের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ে গার্মেন্টসে চাকরি করে সংসার চালান। স্ত্রী মারা গেছেন অনেক আগেই। বার্ধক্যে এসে ছোট মেয়ের সঙ্গে দিন কাটছে তার।

শনিবার হরিসভা মন্দিরে শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে এসে একটি লুঙ্গি উপহার পান অমল কুমার। এবারের দুর্গাপূজায় সেই লুঙ্গি পরেই উৎসব উদযাপনের আশা তার।

অমল কুমার বনিক বলেন, লুঙ্গি পেয়ে আনন্দ লাগছে। সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারব। উপহার পেয়ে খুবই ভালো লাগছে। মুসলিম হয়েও সনাতন ধর্মাবলম্বীদের উৎসবে পাশে দাঁড়ানোর জন্য হাতেম খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তার জন্য দোয়া করেন বলেও জানান অমল কুমার।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খানের পক্ষ থেকে এ উপহার বিতরণ করা হয়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে ৮৭০টি শাড়ি ও ৫৩০টি লুঙ্গি বিতরণের ব্যবস্থা করা হয়। এ ছাড়া ৩০০টি অন্যান্য উপহারসামগ্রীর কথাও উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্যে আলহাজ হাতেম খান বলেন, দীর্ঘদিন ধরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছেন এবং আজীবন তাদের সেবা করতে চান। আমি দীর্ঘদিন ধরে আপনাদের পাশে আছি এবং আজীবন পাশে থাকতে চাই। আপনারা যদি আমাকে পাশে রাখেন, ইনশাআল্লাহ আমি আমার স্বার্থের ঊর্ধ্বে গিয়ে এ সেবাটি করে যাচ্ছি।

শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন- পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক জহির রায়হান ও সাইদুর রহমান, পৌর মহিলা দলের সভাপতি নাসরিন সুলতানা চায়না, সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার, পৌর তাঁতী দলের আহ্বায়ক আব্দুস সামাদ, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন