সীমান্তে পড়ে ছিল গুলিবিদ্ধ যুবকের মরদেহ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১১:০৫ পিএম

সিলেটের কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় গ্রামের সীমান্ত থেকে শাহিন আহমদ নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহিন আহমদ (২৫) স্থানীয় কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাসিয়ারা তাকে গুলি করে হত্যা করেছে।

জানা গেছে, শুক্রবার রাতে শাহিন আহমদ তার বাড়ি থেকে বের হলেও তিনি বাড়ি ফিরেননি। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন শাহিন আহমদের গুলিবিদ্ধ মরদেহ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী সোনারখেওড় গ্রামের কৃষি জমিতে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেয়। পরে নিহতের বড় ভাই জসিম উদ্দিন ঘটনাটি কানাইঘাট থানা পুলিশকে অবহিত করলে পুলিশ বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে শাহিন আহমদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

স্থানীয়রা জানান, মাঝেমধ্যে শাহিন আহমদ অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে খাসিয়া পুঞ্জিতে শ্রমিকের কাজ করতে যেত। তাদের ধারণা, শুক্রবার রাতে কোনো এক সময় শাহিন আহমদ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে হয়তো তাকে বিএসএফ অথবা অস্ত্রধারী খাসিয়ারা গুলি করতে পারে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে সীমান্তবর্তী সোনারখেওড় এলাকা থেকে শাহিন আহমদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পিঠে গুলির চিহ্ন রয়েছে। তবে গুলি করে হত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন